বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের সুপারিশ তৈরির কাজ শেষ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। জানা গেছে এ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, এখন শুধু শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরারের অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললে আজ সোমবার (১৮ আগস্ট) অথবা আগামীকাল মঙ্গলবার (১৯ আগস্ট) ৪১ হাজারের বেশি শিক্ষক নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে।
গতকাল রবিবার রাতে এনটিআরসিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া চলমান রেখেই নিয়োগের সুপারিশ চূড়ান্ত করার আবেদন করা হয়েছে। এরই মধ্যে শিক্ষা সচিব (রুটিন দায়িত্ব) মো. মজিবর রহমান এ আবেদনে অনুমোদন দিয়েছেন। সোমবার শিক্ষা উপদেষ্টার দপ্তরে ফাইল উঠবে; অনুমোদন মিললেই নিয়োগের সুপারিশ প্রকাশ করা হবে। তবে বিলম্ব হলে তা মঙ্গলবারে গড়াতে পারে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, “৪১ হাজারের বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে আলোচনা হয়েছে। খুব দ্রুতই সুপারিশ প্রকাশ হবে।”
উল্লেখ্য, গত ১৬ জুন এক লাখেরও বেশি শিক্ষক নিয়োগের জন্য ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। আবেদন গ্রহণ শুরু হয় ২২ জুন এবং শেষ হয় ১০ জুলাই মধ্যরাতে। আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা ছিল ১৩ জুলাই পর্যন্ত।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, ওই বিজ্ঞপ্তিতে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন। অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ ছিল এক লাখ ৮২২টি। এর মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে ৪৬ হাজার ২১১টি, মাদরাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ ফাঁকা। ফলে প্রায় অর্ধেক পদই শূন্য থেকে যাবে।
https://thebgbd.com/BYB