নতুন মৌসুমে শুরুর আগে সৌদি সুপার কাপের হাইভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি দুই জায়ান্ট আল নাসর ও আল ইত্তিহাদ। প্রো লিগ চ্যাম্পিয়নদের হারিয়ে ফাইনালের টিকিট কাটতে মুখিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। আর সাবেক সতীর্থের বিপক্ষে খেলাকে চ্যালেঞ্জিং বলছেন আল ইত্তিহাদের করিম বেনজেমা। তবে, আল নাসরকে রুখে প্রস্তুত বেনজেমার দল। প্রথমবারের মতো হংকংয়ে হতে আচ্ছে সৌদি সুপার কাপের ম্যাচ। দু'দলের সেমিফাইনালের লড়াই মাঠে গড়াবে আজ (১৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
শিরোপাশূন্য মৌসুম কাটানো রোনালদোর জন্য খরা কাটানোর দারুণ সুযোগ। সৌদি সুপার কাপের সেমিফাইনালে মুখোমুখি দুই জায়ান্ট আল নাসর ও আল ইত্তিহাদ। সেমিফাইনালে দু'দলের মুখোমুখি এ লড়াই ঘিরে ছড়াচ্ছে উত্তাপ। দুই বারের সুপার কাপ জয়ী নাসরের সামনে চ্যালেঞ্জ তিন নম্বর শিরোপা ঘরে তোলার। আর লিগ চ্যাম্পিয়ন ও কিংস কাপ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ মুখিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জিততে। তবে সব ছাপিয়ে এই ম্যাচের ট্যাগ লাইনে 'রোনালদো বনাম বেনজেমা'র দ্বৈরথ।
সৌদিতে পাড়ি জমিয়ে এখন পর্যন্ত কোনো মেজর শিরোপা জিততে পারেননি রোনালদো। এবার সে আক্ষেপ দূর করার সুযোগ এক হাজার গোলের পথে অদম্য গতিতে ছুটে চলা পর্তুগিজ মহাতারকার। গেলো মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেও ট্রফি হাতছাড়া করতে হয় রোনালদোর দলকে। এবার সুপার কাপের সেমিফাইনালে ইত্তিহাদের বিপক্ষে জিততে মুখিয়ে নাসর। প্রাক মৌসুমে দুর্দান্ত ফর্মে ছিলেন রোনালদো। দলও চার ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে।
নতুন মৌসুম কোচের দায়িত্ব নেয়া হোর্হে জেসুস রোনালদোর সঙ্গে পাচ্ছেন নতুন সাইনিং কিংসলে কোম্যান, হোয়াও ফেলিক্সদের। সাদিও মানেরা তো আছেই । ইনজুরি থেকে এই ম্যাচে ফিরবেন মোহাম্মদ সিমাকান, নাদের আল শারারি। আল নাসরের চির প্রতিদ্বন্দ্বী আল হিলাল থেকে আসা কোচ হোর্হে জেসুস এবার নাসরের সাফল্যেই পূর্ণ মনযোগী। রোনালদোকে সঙ্গে নিয়ে এবার সৌদি সুপার কাপের শিরোপা জয়ের লক্ষ্য আল নাসরের।
কোচ জেসুস বলেন, 'আল হিলাল থেকে নাসরে আসতে আমি অনুপ্রেরণা পেয়েছি রোনালদোর কাছ থেকে। নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই মৌসুমে আমাদের লক্ষ্য থাকবে এশিয়ান শিরোপা জেতা। তবে, মৌসুম শুরু করতে চাই সুপার কাপের শিরোপা জিতে। রোনালদোকে নিয়ে এই ট্রফি জিততে মুখিয়ে আমি। আল ইত্তিহাদের বিপক্ষে এই ম্যাচ কঠিন হতে যাচ্ছে।'
এদিকে, প্রাক মৌসুমের খেলা সবগুলো ম্যাচ হারায় প্রস্তুতি একেবারেই ভালো হয়নি আল ইত্তিহাদের। তবে, এই ম্যাচ ঘিরে বাড়তি প্রস্তুতি প্রো লিগ চ্যাম্পিয়নদের। এই ম্যাচে কোচ পাচ্ছেন বেনজেমাকে। পরিসংখ্যানে আল ইত্তিহাদই এগিয়ে। এখন পর্যন্ত দু'দলের ৫০ বারের দেখায় ২০ জয় ইত্তিহাদের আর ১৬ জয় নাসরের। রোনালদোকে রুখতে বিশেষ পরিকল্পনাও নিয়েছে ইত্তিহাদ।
বেনজেমা এ ব্যাপারে বলেন, 'রোনালদো একজন ফুটবল লিজেন্ড। আমরা একে অপরের বিপক্ষে খেলব, এটা একটা বড় চ্যালেঞ্জ। তবে, আমাদেরও অনেক প্রতিভাবান ফুটবলার আছে। রক্ষণভাগে মানসম্পন্ন ফুটবলার আছে যেটা ভুলে গেলে চলবে না। ইত্তিহাদের ডিফেন্ডাররা যখন রনের জোনে থাকবে তখন খুব ভালোভাবে নজর রাখতে হবে। আমার ধারণা, ওরাও আমাকে নিয়ে একই কথা বলছে। আশা করি অনেক গোল হবে। তবে, রোনালদোকে নজরে রাখার বিষয়টিও গুরুত্বপূর্ণ।'
প্রথমবারের মতো এবার হংকংয়ে মাঠে গড়াবে সৌদি সুপার কাপের সেমিফাইনাল।
thebgbd.com/NIT