জাতিসংঘ গাজার কিছু এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করার পর হামাস শুক্রবার গাজায় যুদ্ধের অবসান ও সীমান্তে প্রবেশদ্বারে ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। গাজা উপত্যকা থেকে এএফপি জানায়, অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে হামাস জাতিসংঘ ও এর নিরাপত্তা পরিষদকে ‘যুদ্ধ বন্ধ ও অবরোধ প্রত্যাহারে অবিলম্বে পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সংগঠনটি দাবি জানিয়েছে, কোনও বিধিনিষেধ ছাড়াই সীমান্তে প্রবেশদ্বার খুলে দেওয়া হোক, যাতে দ্রুত ও ধারাবাহিকভাবে খাদ্য, ওষুধ, পানি ও জ্বালানি প্রবেশ করতে পারে। শুক্রবার জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা-আইপিসি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
হামাস বলেছে, জাতিসংঘের এই ঘোষণা গাজার ‘মানবিক বিপর্যয়’ তুলে ধরেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে ‘অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের’ অভিযোগে ওঠে এসেছে। বিবৃতিতে বলা হয়, আমরা হামাস আন্দোলনের পক্ষ থেকে জাতিসংঘের এই ঘোষণার গুরুত্বের ওপর জোর দিচ্ছি, যদিও এটি অনেক দেরিতে এসেছে। দীর্ঘ দিন ধরে সতর্কবার্তা ও আমাদের জনগণ পদ্ধতিগত অবরোধ ও অনাহারের যন্ত্রণা সহ্য করার পর জাতিসংঘ এই ঘোষণা দিয়েছে।
সূত্র: এএফপি
এসজেড