গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে লাগাতার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সম্প্রতি ল্যাম্পপোস্ট থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনার একদিনের মধ্যেই এবার সেতু থেকে রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। শনিবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটলেও সেতু কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে রোববার (২৪ আগস্ট) দুপুরে।
বৈদ্যুতিক তার ও রিফ্লেক্টর লাইট চুরির ঘটনায় সামাজিক মাধ্যমেও ব্যাপক সমালোচনা হচ্ছে। পরপর এমন চুরির ঘটনায় এলাকাবাসী সেতুর নিরাপত্তাহীনতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করছেন।
গাইবান্ধা স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, রিফ্লেক্টর লাইট চুরির বিষয়টি জানার পর স্থানীয় পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে। এর আগে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, দুষ্কৃতকারীদের ধরতে পুলিশ চেষ্টা করছে এবং নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ চলছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, চুরির ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং চোর চক্রকে শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে।
স্থানীয়দের অভিযোগ, ৯২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এত বড় সেতু এবং সংযোগ সড়কে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা নেই। তারা আরও বলেন, দিনে পুলিশ থাকলেও রাতে কেউ থাকে না, যার ফলে সড়ক দুর্ঘটনা, চুরি, ছিনতাই এবং ডাকাতির মতো ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে শুক্রবার রাতে নিরাপত্তা ইনচার্জ নুরে আলম বাদী হয়ে প্রায় ৫ লাখ ২০ হাজার টাকার বৈদ্যুতিক তার চুরির অভিযোগে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। সেতু কর্তৃপক্ষ জানায়, দক্ষিণ পাশের সংযোগ সড়কের উভয় পাশে থাকা আটটি লাইটপোস্টের ৩১০ মিটার তার মাটি খুঁড়ে চুরি করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২০ আগস্ট মওলানা ভাসানী সেতুটি উদ্বোধন করা হয়। এটি কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব প্রায় ১৩৫ কিলোমিটার কমিয়ে দিয়েছে এবং এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
thebgbd.com/NIT