মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ থাকলে দুই বছরের কারাদণ্ড ও এক কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে সতর্ক করেছেন মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম।
গত সোমবার (২৫ আগস্ট) নিজ কার্যালয়ে কমিউনিটি পুলিশিং ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
মাকসুদা আকতার খানম বলেন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২০ অনুযায়ী অনলাইন জুয়া খেলা, জুয়া সংক্রান্ত অ্যাপ বা পোর্টাল তৈরি ও প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ড প্রযোজ্য। তাই যারা ভাববেন এই জুয়া লটারির মতো টাকা কামানোর জায়গা, তারা খেলার আগে দুইবার চিন্তা করবেন।
এই পুলিশ সুপার বলেন, আমাদের ধর্ম, সমাজ এবং দেশের আইন এই জুয়াকে সমর্থন করে না। মেহেরপুর জেলাকে এই অনলাইন জুয়ার কলঙ্ক থেকে মুক্ত করার জন্য আমরা আজ থেকেই অভিযান শুরু করবো।
এ সময় মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জামিনুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) গোপালসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
thebgbd.com/NA