ঢাকা | বঙ্গাব্দ

হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে আপিল বিভাগের শুনানি বুধবার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০২ সেপ্টেম্বর, ২০২৫
হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে ডাকসু নির্বাচনে আপিল বিভাগের শুনানি বুধবার ছবি : সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আগামীকাল বুধবার আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি হবে। এর মধ্যে হাইকোর্টের আদেশের ওপর চেম্বার আদালতের দেয়া স্থগিতাদেশ বহাল থাকবে।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।


এর আগে, সোমবার হাইকোর্ট ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল করলে ঘণ্টাখানেকের মধ্যেই চেম্বার আদালত ওই আদেশ স্থগিত করেন।


উল্লেখ্য, ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রার্থী শিবির নেতা এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে গত ২৮ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম। সেই রিটের শুনানি শেষে হাইকোর্ট নির্বাচন স্থগিতের নির্দেশ দিয়েছিল।


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা। এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হলের ১৩টি পদে এক হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন।


এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল, ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্রসংসদ ও বামপন্থি সংগঠনসহ বিভিন্ন পক্ষ প্রায় ১০টি প্যানেল ঘোষণা করেছে।


thebgbd.com/NA