চারটি সংসদীয় আসন বহালের দাবিতে বুধবার (১০ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া ৪৮ ঘণ্টা সর্বাত্মক হরতাল, সড়ক-মহাসড়ক অবরোধের প্রথম দিনেই অচল হয়ে পড়েছে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক সমুদ্র বন্দরসহ পুরো বাগেরহাট জেলা। বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা ৪৮ ঘণ্টার একটানা হরতাল ও সড়ক-মহাসড়ক অবরোধের প্রথম দিন ভোর থেকে বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুরসহ ৪৮টি দূরপাল্লার ও আন্তজেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য সড়ক পথে পরিবহনও বন্ধ রয়েছে। হরতালকারীরা সকালে জেলা, উপজেলার নির্বাচন অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ায় কর্মকর্তা কর্মচারিরা অফিসে ঢুকতে পারেনি। জেলার সব উপজেলা ও পৌর শহরগুলোতে সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে। হরতালের প্রথম দিনে শহরের দোকানপাট, ব্যবসা, ব্যাংক, বীমা ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি অফিসের কার্যক্রম বন্ধ রয়েছে। হরতাল ও সড়ক অবরোধে জেলার মোরেলগঞ্জে পানগুছি ও মোংলা নদীতে সড়ক বিভাগের ফেরীসহ খেয়া চলাচলও বন্ধ রয়েছে। জেলার সড়ক-মহাসড়কের অন্তত ৩০টি পয়েন্টে পিকেটাররা টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় মোংলা বন্দরসহ পুরো বাগেরহাট সারাদেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাগেরহাট বিসিক শিল্প নগরী, মোংলা ইপিজেডসহ শিল্পাঞ্চালে শ্রমিক না আসতে পারায় উৎপাদন বন্ধ রয়েছে। মোংলা বন্দরের পণ্য সড়ক পথে আনা নেওয়ার কাজও বন্ধ রয়েছে। সব শ্রেণি-পেশার মানুষের অংশ গ্রহণে মোংলা বন্দরসহ বাগেরহাট জেলাজুড়ে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যত থমকে দাঁড়িয়েছে।
প্রথম দিনের হরতাল চলাকালে এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে, কোনো অপ্রতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন পয়েন্টে বিপুল সংখক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য মোতায়েন রয়েছে।
thebgbd.comn/NA