বিয়ের দিন কেবল কনে নয়, বরেরও চাই সমান প্রাণবন্ত ও নিখুঁত রূপ। কিন্তু আমাদের দেশের অধিকাংশ ছেলেরাই রূপচর্চার দিক থেকে বেশ পিছিয়ে থাকেন, অনেকেই এর সঠিক পদ্ধতি জানেন না। জীবনের এই বিশেষ দিনে নিজেকে সেরা রূপে উপস্থাপন করতে চাইলে আগে থেকে প্রস্তুতি নেওয়া জরুরি। তাহলে জেনে নিন, হবু বরেরা কীভাবে ত্বকের ও চুলের যত্ন নেবেন।
হবু বরের ত্বকের যত্ন
১. মুখ পরিষ্কার রাখুন
বেশিরভাগ পুরুষই মুখ ঠিকমতো পরিষ্কার করেন না। সকালে ঘুম থেকে উঠে, বাইরে থেকে ফিরে এবং রাতে ঘুমানোর আগে ভালোভাবে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক থেকে ময়লা ও জীবাণু সহজে দূর হবে। নিয়মিত মুখ পরিষ্কারের জন্য ত্বকের ধরন অনুযায়ী ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করুন। সাবান দিয়ে মুখ ধোবেন না, কারণ এতে ত্বকের pH-এর ভারসাম্য নষ্ট হয় এবং ত্বক আরও শুষ্ক হয়ে যেতে পারে।
২. ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং
ত্বকের যত্নে এই তিনটি ধাপ খুবই গুরুত্বপূর্ণ। ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করার পর ত্বকে একটি ভালো টোনার ব্যবহার করুন, গোলাপ জলের টোনারও ব্যবহার করতে পারেন। এরপর আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি ভালো ময়েশ্চারাইজার লাগিয়ে নিন, নয়তো ত্বক শুষ্ক হয়ে ব্রণ হওয়ার ঝুঁকি থাকে।
৩. সপ্তাহে দুই দিন এক্সফোলিয়েট করুন
ত্বকের গভীর থেকে ময়লা ও মৃত কোষ দূর করতে এক্সফোলিয়েশন অত্যন্ত জরুরি। এটি ব্ল্যাকহেডসও দূর করে। ভালো মানের একটি ফেস স্ক্রাব হাতে নিয়ে ভেজা মুখে বৃত্তাকার গতিতে ম্যাসাজ করুন। কপাল, চিবুক ও নাকের আশেপাশে ভালোভাবে ম্যাসাজ করে পানি দিয়ে পরিষ্কার করুন। এতে ত্বক উজ্জ্বল ও নরম হবে।
৪. ফেস মাস্ক ব্যবহার করুন
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মাঝেমধ্যে ফেসমাস্ক ব্যবহার করুন। বেসন ও দুধ মিশিয়ে একটি পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। কালচে দাগ দূর করতে টমেটোর রসের সঙ্গে দুধের মিশ্রণও কার্যকর। মধু ও লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে খেয়াল রাখবেন যেন তা আপনার ত্বকে কোনো অস্বস্তি তৈরি না করে।
চুলের যত্ন
১. নিয়মিত হট অয়েল ম্যাসাজ
চুল ভালো রাখতে নিয়মিত গরম তেল দিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। শ্যাম্পু করার ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা আগে তেল লাগিয়ে নিন। এতে চুলের গোড়া মজবুত ও মসৃণ হবে।
২. জেল ও স্প্রে ব্যবহার বন্ধ করুন
বিয়ের আগে থেকে চুলে জেল ও স্প্রে ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এই ধরনের পণ্য চুলের জন্য ক্ষতিকর। এর বদলে ভেষজ হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। চাইলে কোনো ভালো স্যালুনে গিয়ে হেয়ার স্পাও করাতে পারেন।
thebgbd.com/NA