ঢাকা | বঙ্গাব্দ

নিম্নকক্ষ আসনভিত্তিক ও উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হওয়া দরকার: বদিউল আলম

  • নিজস্ব প্রতিবেদক | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
নিম্নকক্ষ আসনভিত্তিক ও উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হওয়া দরকার: বদিউল আলম ফাইল ছবি

দুইটি সংস্কার কমিশনের পক্ষ থেকে নিম্নকক্ষ আসনভিত্তিক এবং উচ্চকক্ষ পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে করার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. বদিউল আলম বলেন, দুটি পদ্ধতিরই ভালো-মন্দ দিক আছে এবং কোনোটিই ত্রুটিমুক্ত নয়। তবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য দুটি পদ্ধতিই দরকার। তিনি আশা প্রকাশ করেন, সবার ঐকমত্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে দেশে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে।

বদিউল আলম বলেন, আমরা আশাবাদী তরী ভিড়বে। আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পারব। সবার অংশগ্রহণে একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

thebgbd.com/NIT