আবারও ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া'র (বিসিসিআই) সাবেক প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বাংলার ক্রিকেটের নেতৃত্বে এসেছেন। গতকাল সোমবার সিএবি'র প্রেসিডেন্ট হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে বড়ভাই স্নেহাশিষ গাঙ্গুলির স্থলাভিষিক্ত হয়েছেন সৌরভ। এই পদে গত তিন বছর ধরে দায়িত্ব পালন করে আসছিলেন স্নেহাশিষ।
এদিকে এক সপ্তাহ আগে প্রেসিডেন্ট পদের মনোনয়ন জমা দেওয়ার পর অন্য কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সৌরভ। এর আগে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত সিএবি সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এই সাবেক অধিনায়ক। তিনি জানিয়েছেন, রাজ্যের ক্রিকেটের উন্নতির জন্য এবং প্রচুর প্রতিভাকে দিকনির্দেশনা ও পরিচর্যা করার কাজ তিনি চালিয়ে যাবেন।
বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, 'আমি এর আগে পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। আমরা সেরা কাজটাই করবো। ভারতে ক্রিকেটের প্রতি অসীম উন্মাদনা রয়েছে। প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাকে সঠিক পথে পরিচালনা করাই আমাদের দায়িত্ব।'
উল্লেখ্য, সিএবিতে প্রথম মেয়াদ শেষ করার পর গাঙ্গুলি ২০১৯ সালে বিসিসিআই সভাপতি হন এবং ২০২২ পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর রজার বিনি তার স্থলাভিষিক্ত হন।
চলতি বছর শুরুর দিকেই গাঙ্গুলিকে আবারও আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রথমবার এই দায়িত্ব নেন ২০২১ সালে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের প্রতিক্রিয়ায় গাঙ্গুলি বলেন, 'ভারত খুবই ভালো দল। আমাদের এশিয়া কাপ জেতার ভালো সুযোগ রয়েছে। আশা করি আমরা ভালো খেলবো।'
এদিকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়ার অপেক্ষায় থাকা দিল্লির সাবেক তারকা মিঠুন মানহাসকে অভিনন্দন জানিয়ে গাঙ্গুলি বলেন, 'আমি তাকে অভিনন্দন জানাই কারণ এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। বিশ্বের সবচেয়ে ধনী ও দক্ষ বোর্ডের সভাপতি হওয়া অনেক বড় দায়িত্ব। ভারতীয় ক্রিকেটাররা অসাধারণ প্রতিভাবান। তাদের পরিচালনা ও দিকনির্দেশনা দেওয়া বিশাল দায়িত্ব। আমি আশা করি তিনি তার দলকে সঙ্গে নিয়ে খুব ভালো কাজ করবেন।'
আগস্টে রজার বিনি পদ ছাড়ার পর থেকে বিসিসিআই প্রেসিডেন্টের পদ খালি রয়েছে। বর্তমানে সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইএসপিএনক্রিকইনফোর তথ্যানুযায়ী, মানহাস এই পদে এখন পর্যন্ত একমাত্র প্রার্থী।
thebgbd.com/NA