ঢাকা | বঙ্গাব্দ

নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলার নিন্দা ডাকসুর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
  • নিজস্ব প্রতিবেদক | ২৩ সেপ্টেম্বর, ২০২৫
নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের ওপর হামলার নিন্দা ডাকসুর ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।


বুধবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সফরসঙ্গীদের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। এ ঘটনায় ডাকসু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ আখতার হোসেনের ওপর হামলাটি কেবল গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর নগ্ন আঘাত নয়, বরং ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্যও একটি সতর্কবার্তা। আওয়ামী ফ্যাসিবাদের বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া এবং সামাজিক প্রতিরোধ যথাযথভাবে গড়ে না ওঠায় এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলে উল্লেখ করা হয়।


ডাকসুর মতে, এই বর্বরোচিত ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং প্রবাসী বাংলাদেশি সমাজে অস্থিরতা তৈরি করছে।


প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।


ডাকসু জানায়, গণতন্ত্রকামী জনগণ ও ভিন্নমতের প্রতি সহনশীলতার লড়াইয়ে তারা অতীতের মতো ভবিষ্যতেও দৃঢ় অবস্থানে থাকবে।


thebgbd.com/NA