ঢাকা | বঙ্গাব্দ

মেসির জোড়া গোল–অ্যাসিস্টে মায়ামির দাপুটে জয়, শীর্ষ গোলদাতাও আর্জেন্টাইন জাদুকর

মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটি এফসিকে তাদের মাঠেই ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ সেপ্টেম্বর, ২০২৫
মেসির জোড়া গোল–অ্যাসিস্টে মায়ামির দাপুটে জয়, শীর্ষ গোলদাতাও আর্জেন্টাইন জাদুকর দুটি গোল আর একটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক লিওনেল মেসি।

দুটি গোল করেছেন, একটি করিয়েছেন—লিওনেল মেসির জন্য এ যেন নিত্যদিনের গল্প! মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক সিটি এফসিকে তাদের মাঠেই ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। আর এ জয়ের মাধ্যমে এমএলএস কাপের প্লে–অফ নিশ্চিত করেছে হাভিয়ের মাচেরানোর দল।


৪৩ মিনিটে ব্যালটাজার রদ্রিগেজকে দিয়ে গোল করান মেসি। এর মধ্য দিয়ে এমএলএসে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখা প্রথম খেলোয়াড় হলেন তিনি।


বিরতির পর ৭৪ ও ৮৬ মিনিটে জোড়া গোল করেন মেসি। এক মৌসুমে আট ম্যাচে একাধিক গোল করা চতুর্থ খেলোয়াড়ও এখন এই আর্জেন্টাইন।


৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন লুইস সুয়ারেজ। তার আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেই জালে বল পাঠান তিনি। ৭৪ মিনিটে নিউইয়র্ক গোলকিপার ম্যাট ফ্রিসিকে অবিশ্বাস্য ‘চিপ’ করে মেসি প্রথম গোল করেন। আর দ্বিতীয় গোলটি আসে ডান প্রান্ত থেকে দারুণ কোনাকুনি শটে।


এই ম্যাচ শেষে এমএলএসে শীর্ষ গোলদাতার আসনও দখল করেন মেসি—২৩ ম্যাচে ২৪ গোল। ২২ গোল নিয়ে দুইয়ে আছেন এলএএফসির ডেনিস বউয়ানগা।


টানা তৃতীয় ম্যাচে জেতা মায়ামি এখন ইস্টার্ন কনফারেন্সে ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তিনে। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া ইউনিয়ন।


এ মৌসুমে সর্বোচ্চ ৬৪ গোল করেছে মায়ামি, যা লিগে এককভাবে শীর্ষে।


thebgbd.com/NIT