আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি দ্রুত মিত্র দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত করতে চাইছে। এজন্য শরিক দলগুলোর কাছে ইতিমধ্যে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের তালিকা চাওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় এ নিয়ে আলোচনা হয়।
দলীয় সূত্র জানায়, বিএনপি চায় দ্রুত প্রার্থী তালিকা ও সমঝোতা নির্ধারণ করতে, যাতে শরিক দলগুলো অনিশ্চয়তা কাটিয়ে মাঠে নামতে পারে। কোনো কোনো শরিক দলের প্রধানকে মৌখিকভাবে তালিকা দিতে বলাও হয়েছে।
১২-দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার নিশ্চিত করেছেন, বিএনপি তাদের সঙ্গে যোগাযোগ করেছে। গণতন্ত্র মঞ্চের শরিক নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, আগে নির্বাচনের কৌশল ও প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট হওয়া জরুরি, তারপর প্রার্থী তালিকা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও জানান, সংস্কার বাস্তবায়ন নিয়ে যে অনৈক্য আছে, সেটিও আলোচনায় আসবে।
বিএনপি সূত্র বলছে, এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমসহ কিছু শরিক নেতাকে ইতিমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে। লিয়াজোঁর জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল মাহমুদসহ কয়েকজন দায়িত্বে আছেন।
এদিকে মঙ্গলবার রাতের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন। সেখানে কলকাতার দৈনিক এই সময়–এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার নিয়েও আলোচনা হয়। ফখরুল জানান, তাঁর নামে প্রকাশিত বক্তব্য মিথ্যা ও মনগড়া। দলের পক্ষ থেকেও বিবৃতি দিয়ে সাক্ষাৎকারটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলা হয়েছে।
thebgbd.com/NIT