ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘে তার ভাষণে ইউরোপীয় নেতারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইসরাইলকে ‘জাতীয় আত্মহত্যার’ দিকে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করে তিনি বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে ইউরোপীয় নেতারা হামাসকে পুরস্কৃত করেছেন। নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নেতানিয়াহু জানান, তার বক্তৃতা গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী লাউডস্পিকারে আংশিকভাবে সম্প্রচার করছে। তিনি হামাসের বিরুদ্ধে ‘কাজ শেষ’ করার শপথ নিয়েছেন। নেতানিয়াহু বলেন, ইসরায়েল আপনাদেরকে আমাদের গলায় ‘সন্ত্রাসী রাষ্ট্রকে’ চাপিয়ে দিতে দেবে না। আমরা জাতীয় আত্মহত্যা করবো না, কারণ আপনাদের মধ্যে ইসরায়েলের রক্তের দাবিতে শত্রুভাবাপন্ন মিডিয়া ও ইহুদি-বিরোধী জনতার মুখোমুখি হওয়ার সাহস আপনাদের নেই।’
হামাসের প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার তার ভাষণে ইসরায়েলের হামলার পাশাপাশি ইহুদি-বিদ্বেষেরও নিন্দা জানিয়েছেন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আদেল আতিয়েহ নেতানিয়াহুর ভাষণকে ‘একজন পরাজিত ব্যক্তির ভাষণ’ বলে অভিহিত করেছেন।
সূত্র: এএফপি
এসজেড