ঢাকা | বঙ্গাব্দ

ঘুম থেকে উঠেই মাথা ব্যথা শুরু হয়? যে কারণে সাবধান হবেন

জীবনধারায় পরিবর্তন এনে নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে অনেকাংশে সমস্যা কমে যেতে পারে।
  • নিজস্ব প্রতিবেদক | ৩০ সেপ্টেম্বর, ২০২৫
ঘুম থেকে উঠেই মাথা ব্যথা শুরু হয়? যে কারণে সাবধান হবেন ফাইল ছবি

সকালে ঘুম থেকে উঠেই মাথা ব্যথা—এমন অভিজ্ঞতা অনেকেরই হয়ে থাকে। কেউ কেউ এটিকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান, আবার অনেকে ঘন ঘন এমনটা হলে চিন্তায় পড়ে যান। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মাথা ব্যথা কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়, কারণ এর পেছনে থাকতে পারে বেশ কিছু স্বাস্থ্যঝুঁকি।


চিকিৎসকরা বলছেন, ঘুমের সময় শ্বাসকষ্ট বা নাক ডাকার সমস্যা যাদের আছে, তাদের মধ্যে ঘুম ভাঙার পর মাথা ব্যথা বেশি দেখা যায়। স্লিপ অ্যাপনিয়া নামের এই অবস্থায় শরীরে যথেষ্ট অক্সিজেন পৌঁছায় না, ফলে সকালে মাথা ভার লাগা, ক্লান্তি ও মাথা ব্যথা অনুভূত হয়।


এ ছাড়া মানসিক চাপ, উদ্বেগ কিংবা অতিরিক্ত দুশ্চিন্তাও মাথা ব্যথার অন্যতম কারণ। সারাদিনের চাপ যদি রাতে মন ও মস্তিষ্কে প্রভাব ফেলে, তাহলে সকালে ঘুম ভাঙার পর মাথায় টান টান ভাব দেখা দেয়। পাশাপাশি মাইগ্রেন রোগীদের ক্ষেত্রেও ঘুম থেকে উঠেই ব্যথা শুরু হওয়া একটি সাধারণ উপসর্গ।


আরেকটি বড় কারণ হলো ঘুমের মান খারাপ হওয়া। অনেকেই গভীর ঘুম পান না বা মাঝরাতে বারবার ঘুম ভেঙে যায়। এর ফলে শরীর ও মস্তিষ্ক প্রয়োজনীয় বিশ্রাম নিতে পারে না। এমন অবস্থায় সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই মাথাব্যথা শুরু হয়।


বিশেষজ্ঞদের পরামর্শ, এ ধরনের সমস্যা যদি বারবার হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। জীবনধারায় পরিবর্তন এনে নিয়মিত ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা, ক্যাফেইন ও অ্যালকোহল এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে অনেকাংশে সমস্যা কমে যেতে পারে। তবে দীর্ঘদিন ধরে সকালে মাথা ব্যথা চলতে থাকলে এটিকে অবহেলা না করে পরীক্ষা-নিরীক্ষা করানো উচিত।


thebgbd.com/BYB