রোহিঙ্গাদের মানবিক সহায়তার জন্য যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য নতুন করে মোট ৯৬ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান ঘোষণা করেছে।
গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে প্রথম উচ্চপর্যায়ের সম্মেলনে এই আর্থিক সহায়তার প্রতিশ্রুতি আসে।
প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম তাঁর ভেরিফায়েড ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘোষিত সহায়তার মধ্যে যুক্তরাষ্ট্র ৬০ মিলিয়ন এবং যুক্তরাজ্য ৩৬ মিলিয়ন মার্কিন ডলার দেবে।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হিসেবে তাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ওপর জোর দেন। এ জন্য তিনি রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের একটি বাস্তবসম্মত রোডম্যাপসহ সাত দফা প্রস্তাব পেশ করেন।
অধ্যাপক ইউনূস বলেন, রোহিঙ্গা সংকটের জন্য অর্থায়ন ক্রমেই কমে আসছে। এ অবস্থায়, "এখন একমাত্র শান্তিপূর্ণ পথ হলো তাদের প্রত্যাবাসন শুরু করা।"
thebgbd.com/NA