ভারি বৃষ্টিপাতে চট্টগ্রামের নিচু এলাকা ডুবে গেছে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পানি ওঠায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড়জনিত নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামে ভারি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বৃষ্টির কারণে নগরীর পাঁচলাইশ, চকবাজার, কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে যায়। এতে পথচারীদের পাশাপাশি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সও বেকায়দায় পড়ে। জলাবদ্ধতার কারণে জনজীবনে চরম ভোগান্তি দেখা দেয়।
স্থানীয় বাসিন্দা জাজিম উদ্দিন বলেন, ‘সব সময় এখানে পানি ওঠে। বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। ঘর থেকে বের হতে পারি না। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কোনো সমাধান হচ্ছে না।’
জলাবদ্ধতায় গাড়ির যন্ত্রপাতি নষ্ট হয়ে যায়, এতে ক্ষতির পাশাপাশি আয়ে কমতি পড়ছে চালকদের। ব্যবসা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।
কাতালগঞ্জের ব্যবসায়ী জহিরুল আলম বলেন, ‘একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয়। তখন ব্যবসা কমে যায়।’
উল্লেখ্য, চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চারটি সংস্থার সমন্বয়ে ১৪ হাজার কোটি টাকার প্রকল্প চলমান রয়েছে।
thebgbd.com/NIT