ঢাকা | বঙ্গাব্দ

গ্রেটাসহ ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরায়েল

শেয়ার করা ছবিতে দেখা যায়, থুনবার্গসহ দুই নারী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছেন।
  • অনলাইন ডেস্ক | ০৭ অক্টোবর, ২০২৫
গ্রেটাসহ ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরায়েল গ্রেটা থুনবার্গ।

ইসরায়েল সোমবার জানিয়েছে, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৭১ জন অধিকার কর্মীকে বিতাড়িত করা হয়েছে। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, ‘গ্রেটা থুনবার্গসহ হামাস-সুমুদ ফ্লোটিলার আরও ১৭১ জন উস্কানিদাতাকে আজ ইসরায়েল থেকে গ্রিস ও স্লোভাকিয়ায় বিতাড়িত করা হয়েছে।’ বিতাড়িতরা গ্রিস, ইতালি, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক।


পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা যায়, থুনবার্গসহ দুই নারী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তারা ইসরায়েলি কারাগারের ধূসর ট্র্যাকসুট পরিহিত ছিলেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপি’কে জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৮ জন অধিকারকর্মী এখনো ইসরায়েলের হেফাজতে রয়েছেন।


এর আগে ৪৫টি নৌযানের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলের অবরোধ ভেঙে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করে। জাতিসংঘ বলেছে, দুই বছরের ধ্বংসাত্মক সংঘাতে গাজায় দুভিক্ষ শুরু হয়েছে। ইসরায়েল বুধবার আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজ আটক করা শুরু করে। বৃহস্পতিবার ইসরায়েলের এক কর্মকর্তা জানান, চারশ’রও বেশি যাত্রীবাহী এ জাহাজগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টার সময় আটকে দেওয়া হয়েছে।


ইসরায়েল থেকে বিতাড়িত হয়ে ইস্তাম্বুলে পৌঁছানো পর শনিবার একদল আন্তর্জাতিক অধিকার কর্মী জানান, তারা সহিংসতার শিকার হয়েছেন এবং তাদের সঙ্গে ‘প্রাণিসুলভ আচরণ করা হয়েছে’। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক্সে এক পোস্টে জানায়, এই প্রচারণায় অংশগ্রহণকারীদের আইনগত সকল অধিকার পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে। পোস্টে বলা হয়েছে, ‘তারা (অধিকার কর্মীরা) তাদের পূর্বপরিকল্পিত ভুয়া খবরের অংশ হিসেবে মিথ্যাচার করছে।’


সূত্র: এএফপি


এসজেড