বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না।
আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন–এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী গতকাল সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে। আসল জুলাই যোদ্ধারা এমনটা করতে পারে না।
তিনি বলেন, এনসিপিসহ কয়েকটি রাজনৈতিক দলের জুলাই সনদে স্বাক্ষর না করার বিষয়টি আগামী নির্বাচনে বড় কোনো প্রভাব ফেলবে না। সনদে স্বাক্ষরের সুযোগ এখনো উন্মুক্ত রয়েছে, এনসিপিসহ বাকি দলগুলো সনদের স্বাক্ষর করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় ধৈর্য, সহনশীলতা ও গণতন্ত্রের চর্চার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমেদ। নির্বাচন সামনে রেখে সবাইকে সহনশীলতা বজায় রাখার অনুরোধ করেন তিনি।
thebgbd.com/NA