ঢাকা | বঙ্গাব্দ

ভিয়েতনামে বৃষ্টিতে আকস্মিক বন্যা

পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও ভূমিধসের ঝুঁকির চারটি প্রদেশে ৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৮ অক্টোবর, ২০২৫
ভিয়েতনামে বৃষ্টিতে আকস্মিক বন্যা বন্যার ছবি।

ভিয়েতনামের হুয়ে শহরে রেকর্ড বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ মিটারের বেশি বৃষ্টিপাতের কারণে হাজার-হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হয়েছে। ভিয়েতনামের হুয়ে শহর থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


হুয়ে শহরের তিনটি প্রধান আবহাওয়া কেন্দ্রের তথ্যানুসারে, গত রোববার থেকে সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ দশমিক ৭ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। এর আগে ১৯৯৯ সালে এক দিনে রেকর্ড শূন্য দশমিক ৯৯ মিটার বৃষ্টিপাত হয়।


এই সপ্তাহে হুয়ে শহরে অতিবৃষ্টির কারণে স্কুল বন্ধ করে দিতে হয়েছে। পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, বড় ধরনের বন্যা ও ভূমিধসের ঝুঁকির কারণে গত শনিবার থেকে চারটি প্রদেশে ৮ হাজার ৬০০ জনেরও বেশি মানুষকে সরিয়ে স্কুল ও অন্যান্য সরকারি ভবনে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে।


হুয়ের ৫৬ বছর বয়সি বাসিন্দা ট্রান আন তুয়ান বলেন, এটি আমার দেখা সবচেয়ে বড় বন্যা। আমার বাড়িতে ১৯৯৯ সালের বন্যায় যে পরিমাণ পানি উঠে, এবার তার চেয়ে প্রায় ৪০ সেন্টিমিটার বেশি পানি উঠেছে।


সূত্র: এএফপি


এসজেড