ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ১০

স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নিশ্চিত করেছেন, এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
  • অনলাইন ডেস্ক | ০২ নভেম্বর, ২০২৫
যুক্তরাজ্যে ট্রেনে ছুরি হামলা, আহত ১০ হামলার পর পুলিশি তৎপরতা।

শনিবার গভীর রাতে লন্ডনগামী একটি ট্রেনে গণ ছুরিকাঘাতের ঘটনায় যুক্তরাজ্যের পুলিশ দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নয় জনের ‘অবস্থান আশঙ্কাজনক’ বলে ধারণা করা হচ্ছে। হামলার খবর পেয়ে, ট্রেনটি থামানোর পর গাড়ি ও অ্যাম্বুলেন্সের একটি বহর নিয়ে সশস্ত্র পুলিশ কেমব্রিজশায়ারের পূর্বাঞ্চলীয় গ্রামীণ শহর হান্টিংডনের ওই রেলস্টেশনে ছুটে যায়।


ক্যামব্রিজশায়ারে ট্রেনটিতে একাধিক ছুরিকাঘাতের ঘটনায় দশজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।  ধারণা করা হচ্ছে, নয় জন মারাত্মক আহত হয়েছেন। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানিয়েছে, সন্ত্রাসবিরোধী ইউনিট তদন্তে সহায়তা করছে।


পরিবহন পুলিশ নিশ্চিত করেছে ট্রেনটি উত্তর-পূর্বের ডনকাস্টার থেকে লন্ডনের কিংস ক্রস স্টেশনের দিকে যাচ্ছিল। ব্যস্ত রুটটি প্রায়শই যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ থাকে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


একজন প্রত্যক্ষদর্শী একজন ব্যক্তিকে বড় ছুরি হাতে দেখতে পাওয়ার বর্ণনা দিয়েছেন। তিনি টাইমস সংবাদপত্রকে বলেছেন, সর্বত্র রক্তের ছড়াছড়ি, লোকজন বাথরুমে লুকিয়ে ছিল। কিছু যাত্রী দৌড়ানোর চেষ্টা করে ‘অন্যরা তাদের ঠেলাঠেলি করছিল। 


এই প্রত্যক্ষদর্শী কিছু লোককে ‘আমরা (তোমাকে) ভালোবাসি ’ বলে চিৎকার করতে শুনেছেন। প্রত্যক্ষদর্শীরা স্কাই নিউজকে বলেছেন, ট্রেন থামার পর তারা প্ল্যাটফর্মে একটি বড় ছুরি হাতে এক ব্যক্তিকে দেখতে পান। এরপর তারা দেখেন, পুলিশ আহত অবস্থায় লোকটিকে আটক করেছে।


যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই ঘটনাকে ‘ভয়াবহ’ ও ‘গভীর উদ্বেগজনক’ বলেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা ও প্রার্থনা রইল এবং দ্রুত সাড়া দেওয়ার জন্য জরুরি সেবাকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্টারমার বলেন, ‘এলাকার যে কারও পুলিশের পরামর্শ অনুসরণ করা উচিত।’


অন্যদিকে তার স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ নিশ্চিত করেছেন, এই ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হামলার উদ্দেশ্যও জানা যায়নি। 


ট্রেনটি পিটারবোরো শহর ছেড়ে যাওয়ার ঠিক পরপরই স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সশস্ত্র পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শনিবার সন্ধ্যায় পুলিশ ট্রেনটি পরিদর্শন করে। এটিকেই অপরাধের স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে। এএফপি’র একজন আলোকচিত্রী স্টেশনের বাইরে লোকজনকে সরিয়ে নিতে দেখেন।


ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সকে জানিয়েছে, তারা হান্টিংডন স্টেশনে অ্যাম্বুলেন্স, এয়ার অ্যাম্বুলেন্স ও ট্যাকটিক্যাল কমান্ডারসহ ‘বৃহৎ পরিসরের উদ্ধার অভিযান’ পরিচালনা করছে। 


ট্রেন অপারেটর লন্ডন নর্থ ইস্টার্ন রেলওয়ে (এলএনইআর) জানিয়েছে, জরুরি পরিষেবাগুলোর পরিস্থিতি মোকাবিলা করার সময় রেললাইন বন্ধ ছিল। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের পূর্ব দিকে ট্রেন পরিচালনাকারী এলএনইআর যাত্রীদের ভ্রমণ না করার জন্য অনুরোধ করে, ওই এলাকায় লাইন বন্ধ থাকায় ‘বড় ব্যাঘাত’ হতে পারে বলে সতর্ক করেছে।


কেমব্রিজশায়ার ও পিটারবোরোর মেয়র পল ব্রিস্টো এক্স-এ বলেছেন, তিনি ‘ভয়াবহ দৃশ্যটি’ সম্পর্কে অবগত আছেন। তিনি বলেন, ‘(আক্রান্ত সকলের সঙ্গে) তার সমাবেদনা ও প্রার্থনা রয়েছে।’


সরকারি তথ্য অনুযায়ী, ২০১১ সাল থেকে ইংল্যান্ড ও ওয়েলসে ছুরি হামলাজনিত অপরাধ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ব্রিটেনে বিশ্বের সবচেয়ে কঠোর বন্দুক নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও, স্টারমার ছুরিঘটিত ব্যাপক অপরাধকে ‘জাতীয় সংকট’ হিসেবে চিহ্নিত করেছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার জানিয়েছে, এক দশকের মধ্যে ছুরি হামলার অপরাধ অর্ধেকে নামিয়ে আনার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় ৬০ হাজার ছুরি ‘জব্দ অথবা আত্মসমর্পণ’ করা হয়েছে। জনসমক্ষে ছুরি বহন করলে চার বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। সরকার জানিয়েছে, গত বছরে ছুরি হত্যার ঘটনা ১৮ শতাংশ কমেছে।


অক্টোবরের শুরুতে ম্যানচেস্টারের একটি সিনাগগে পুলিশের ভুল নির্দেশিত গুলিবর্ষণের ফলে একজন নিহত হন এবং অন্যরা আহত হন। এই হামলা স্থানীয় ইহুদি সম্প্রদায় এবং দেশকে নাড়িয়ে দেয়। প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে বৃহস্পতিবার লন্ডনের একটি আদালতে একজন ব্যক্তিকে হাজির করা হয়েছে। ওই হামলা একজন নিহত ও দুজন আহত হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড