চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদের বিপক্ষে এল ক্লাসিকোতে হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। লামিন ইয়ামালের দুই মাস পর গোল পাওয়ার ম্যাচে জয়ের ধারায় ফিরেছে বার্সা। ঘরের মাঠে রোববার রাতে লা লিগার ম্যাচটি ৩-১ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। তাদের অন্য দুই গোলদাতা ফেররান তরেস ও মার্কাস র্যাশফোর্ড। সফরকারীদের একমাত্র গোলটি করেন রাফা মির।
জয়ের পথে ফিরে লিগ টেবিলে দ্বিতীয় স্থানেও ফিরল বার্সেলোনা। ১১ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ২৫। তিনে নেমে যাওয়া ভিয়ারেয়ালের পয়েন্ট ২৩।শীর্ষে রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৩০।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের হতাশা ভুলে জয়ের পথে ফেরার ম্যাচে শুরুটা দুর্দান্ত হয় বার্সেলোনার। দুই মিনিটের ব্যবধানে দুই গোলে এগিয়ে যায় তারা। নবম মিনিটে মাঝমাঠে প্রতিপক্ষের ভুল পাস ধরে দ্রুত এগিয়ে ডি-বক্সে থ্রু বল বাড়ান আলেহান্দ্রো বাল্দে, আর বল নিয়ন্ত্রণে নিয়ে দুজনের মাঝ দিয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন ইয়ামাল।এগিয়ে যাওয়ার উচ্ছ্বাসের মাঝেই দ্বিতীয় গোল পেয়ে যায় বার্সেলোনা। বাঁ দিক থেকে ফের্মিন লোপেসের পাস ছয় গজ বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফেররান তরেস।
দুই গোল হজমের পরেপ তবুও এলচে হাল ছাড়েনি। নিজেদের খেলার ধরন বদল না করে তারা বল ধরে রাখার চেষ্টা চালিয়ে যায়। তার ফলও মেলে—প্রথমার্ধের শেষ দিকে দুর্দান্ত লো শটে ব্যবধান কমান রাফা মির। গোলের জন্য দলটির সেটি ছিল প্রথম শট।
দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোলের জন্য দ্বিতীয় শট নিতে পারে এলচে এবং গোল হতে পারত সেটাও। কিন্তু দুর্ভাগ্য বাধা হয়ে দাঁড়ায়, স্প্যানিশ ফরোয়ার্ড মিরের কোনাকুনি শট ক্রসবারে প্রতিহত হয়।
পাঁচ মিনিট পর দারুণ গোলে ব্যবধান বাড়ান র্যাশফোর্ড। ডান দিক থেকে লোপেসের ক্রস ডি-বক্সের বাইরে নিয়ন্ত্রণে নিয়ে, ভেতরে ঢুকে একজনের চ্যালেঞ্জ সামলে কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইংলিশ ফরোয়ার্ড।
thebgbd.com/NIT