ঢাকা | বঙ্গাব্দ

আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি- প্রথম আলোর সম্পাদককে নাসীরুদ্দীন

‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’—দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ নভেম্বর, ২০২৫
আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি- প্রথম আলোর সম্পাদককে নাসীরুদ্দীন ছবি : সংগৃহীত।

‘বিএনপির কাছে ২০ আসন চায় এনসিপি, চায় মন্ত্রিসভায়ও হিস্যা’—দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এই প্রতিবেদনকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৫ নভেম্বর) রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের আমন্ত্রণে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এই প্রতিবাদ জানান এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রথম আলোর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২০টি সিট ও তিন জনের মন্ত্রীত্ব দেওয়ার বিষয় নিয়ে প্রথম আলোর প্রকাশিত খবর মিথ্যা। দেশের সংকটকালে আগুনে ঘি ঢেলে দেয় প্রথম আলো। মতি ভাইকে (প্রথম আলোর সম্পাদক) বলবো, হয় আপনি সাংবাদিকতা করেন, না হয় রাজনীতি করেন। প্রয়োজনে এনসিপি থেকে আমরা আপনাকে মনোনয়ন দেব।”

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও মন্তব্য করেন, বিএনপি রাষ্ট্র সংস্কারের দিক থেকে মুখ ঘুরিয়ে নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মনোনয়ন দিয়েছে।

রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন বলেন, “সংস্কার বাস্তবায়ন সরকারকেই করতে হবে। ব্যর্থ হলে সরকারের মেন্ডেট থেকে সরে যাবে।”

এদিকে, রাজনৈতিক অঙ্গনে বিভাজন দেখা দিয়েছে অভিযোগ করে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “ভিন্নমতকে যতটা ঐকমত্যে আনা যায় সেটাই সফলতা।”

আর এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু বলেন, “রাজনৈতিক দলগুলোর আলোচনার কিছু নেই। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে।”

thebgbd.com/NA