ঢাকা | বঙ্গাব্দ

ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের মূল হোতা সেনা অভিযানে গ্রেপ্তার

মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর সক্রিয় তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছিনতাই ঘটনার মূল হোতাসহ তার তিন সহযোগী গ্রেপ্তার হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৯ নভেম্বর, ২০২৫
ভাইরাল হওয়া সেই ছিনতাইয়ের মূল হোতা সেনা অভিযানে গ্রেপ্তার ছবি : সংগৃহীত।

মোহাম্মদপুরের বসিলা এলাকায় সেনাবাহিনীর সক্রিয় তৎপরতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছিনতাই ঘটনার মূল হোতাসহ তার তিন সহযোগী গ্রেপ্তার হয়েছে।


বসিলা আর্মি ক্যাম্প সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর এক যুবককে ছিনতাই করে তার ব্যাগ, ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। এই ভিডিওটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে সেনাবাহিনী সম্ভাব্য ছিনতাইকারীদের পরিচয় শনাক্তকরণের কাজ শুরু করে।


ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তবে গতকাল তাদের একজন ঢাকায় ফেরত আসার খবর পাওয়ামাত্র বসিলা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা তাদের গ্রেপ্তারে অভিযানে নামেন।


অভিযান চলাকালে সেনা টহল দল মূল অভিযুক্ত শাওন (১৯)-কে তার তিন সহযোগী মোহিম আহমেদ (২৪), জুয়েল (২৫) ও আশিব (২৪)-সহ আটক করে। জিজ্ঞাসাবাদে শাওন স্বীকার করেন যে তিনিই ভাইরাল হওয়া ভিডিওটির ব্যক্তি। সে তার ব্যবহৃত একটি সামুরাই (ধারালো তলোয়ার) সেনা টহল দলের কাছে হস্তান্তর করে।


আটককৃত চারজন ছিনতাইকারীকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, "মোহাম্মদপুর এলাকায় কেউ কোনো অপরাধ করলে সে আজ হোক অথবা কাল হোক ধরা পড়বে এবং আইনের আওতায় আসবেই। ইতিপূর্বে যত ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রম হয়েছে, তাদের অধিকাংশই আমাদের অথবা পুলিশ-র‍্যাবের কাছে গ্রেফতার হয়েছে। যারা পালিয়ে আছে তাদের খুঁজে বের করে গ্রেপ্তারের জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।"


thebgbd.com/NA