ঢাকা | বঙ্গাব্দ

১৭২ বহিস্কৃত নিয়ে মার্কিন ফ্লাইট কারাকাসে

শুক্রবারের প্রত্যাবাসন ফ্লাইটে পাঁচ শিশু, ২৬ নারী এবং ১৪১ জন পুরুষ ছিল বলে জানিয়েছে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ।
  • অনলাইন ডেস্ক | ০৬ ডিসেম্বর, ২০২৫
১৭২ বহিস্কৃত নিয়ে মার্কিন ফ্লাইট কারাকাসে মার্কিন প্রত্যাবাসন ফ্লাইট।

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ভেনিজুয়েলার ১৭২ অনিবন্ধিত অভিবাসীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট শুক্রবার করাকাসে পৌঁছেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার আকাশসীমা ‘সম্পূর্ণ বন্ধ’ ঘোষণা করলেও দেশটি সাম্প্রতিক সময়ে এধরণের ফ্লাইট অবতরণের অনুমতি দিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


অ্যারিজোনার ফিনিক্স থেকে আসা এই ফ্লাইটটি ছিল চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ভেনেজুয়েলায় অনিবন্ধিত অভিবাসীদের বহনকারী দ্বিতীয়। এ সময় ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়ানো হয়।


নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিমান সংস্থাগুলোকে ভেনিজুয়েলার আকাশসীমায় উড়তে গেলে ‘চরম সতর্কতা’ নেওয়ার নির্দেশ দেয়। এরপর প্রায় সব আন্তর্জাতিক বিমান সংস্থা দেশটিতে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়। এর কিছুদিন পরই ট্রাম্প ঘোষণা করেন, ভেনিজুয়েলার আকাশসীমাকে সম্পূর্ণরূপে বন্ধ হিসেবে বিবেচনা করা উচিত। দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসন রোধকে অগ্রাধিকার দিয়ে আসছেন এই মার্কিন প্রেসিডেন্ট।


শুক্রবারের প্রত্যাবাসন ফ্লাইটে পাঁচ শিশু, ২৬ নারী এবং ১৪১ জন পুরুষ ছিল বলে জানিয়েছে ভেনিজুয়েলা কর্তৃপক্ষ। ভেনিজুয়েলার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, তথাকথিত ‘স্বদেশে প্রত্যাবর্তন’ কর্মসূচির আওতায় ফেরত আসা নাগরিকের সংখ্যা ১৮ হাজার ২৬০ জনে পৌঁছেছে। যার মধ্যে ১৪ হাজারের বেশি লোক যুক্তরাষ্ট্র থেকে এসেছে।


সূত্র: এএফপি


এসজেড