ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, বৃটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্ৎসের সঙ্গে লন্ডনে বৈঠক করবেন। প্যারিস থেকে এএফপি জানায়, চলমান মার্কিন মধ্যস্থতার আলোচনা ‘পর্যালোচনা’ করতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ম্যাক্রোঁ এমন এক সময়ে এই ঘোষণা দেন, যখন ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের একটি পরিকল্পনা নিয়ে টানা তৃতীয় দিনের মতো নিয়মিত আলোচনা করছেন।
ম্যাক্রোঁ বলেন, ‘ইউক্রেনের প্রেসিডেন্ট, বৃটিশ প্রধানমন্ত্রী ও জার্মান চ্যান্সেলরের সঙ্গে দেখা করতে সোমবার লন্ডনে যাব। মার্কিন মধ্যস্থতার চলমান আলোচনার অগ্রগতি পর্যালোচনা করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য।’ একইসঙ্গে তিনি রাশিয়ার ‘উত্তেজনামূলক পথে চলা’ নিয়েও কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে মার্কিনদের সঙ্গে এই প্রচেষ্টা চালিয়ে যাব, এটা ছাড়া কোনও শক্তিশালী ও স্থায়ী শান্তি সম্ভব নয়।’
ম্যাক্রোঁ বলেন, ‘আমাদের রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে, যাতে করে তারা শান্তি বেছে নিতে বাধ্য হয়।’
সূত্র: এএফপি
এসজেড