ঢাকা | বঙ্গাব্দ

আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত

  • নিজস্ব প্রতিবেদক | ১০ ডিসেম্বর, ২০২৫
আনঅফিসিয়াল মোবাইল ফোন নিয়ে নতুন সিদ্ধান্ত আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রিতে মার্চ মাস পর্যন্ত সময় পাবেন বিক্রেতারা।

দেশে আগামী ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম। এ পরিস্থিতিতে মজুত ও পাইপলাইনে থাকা আনঅফিসিয়াল মোবাইল ফোন বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে হ্যান্ডসেট উৎপাদক, বিটিআরসি এবং মোবাইল ব্যবসায়ীদের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে আনঅফিসিয়াল ফোন বিক্রির জন্য মার্চ মাস পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন কিনলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হবে। তবে মার্চ মাসের পর এ ধরনের ফোন বিক্রি বা নিবন্ধনের আর কোনো সুযোগ থাকবে না বলে বৈঠকে জানানো হয়।

বৈঠক শেষে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের সভাপতি মো. আসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ বিষয়ে সরকার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

এদিকে এনইআইআর সিস্টেম সংস্কারের দাবিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে কারওয়ান বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মোবাইল ফোন বিক্রেতারা।

আন্দোলন প্রসঙ্গে মো. আসলাম বলেন, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে শিগগিরই আন্দোলন প্রত্যাহারের বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

thebgbd.com/NIT