ভেনিজুয়েলার উপকূল থেকে মার্কিন বাহিনীর হাতে আটক দেশটির একটি তেলবাহী ট্যাঙ্কার মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দরে আনা হবে বলে বৃহস্পতিবার হোয়াইট হাউস জানিয়েছে। দুই দেশের মধ্যে প্রকাশ্য সামরিক সংঘাতের আশঙ্কা বাড়ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেন, ‘একটি নাটকীয় অভিযানে ওয়াশিংটন ট্যাঙ্কারটির নিয়ন্ত্রণ নেয়। এই অভিযানে মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে জাহাজে নামে আসে। অভিযানটি ভেনিজুয়েলার বামপন্থী নেতা নিকোলাস মাদুরোর শাসনব্যবস্থার বিরুদ্ধে পরিচালিত হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কয়েক মাস ধরে ভেনিজুয়েলার ওপর চাপ বাড়িয়ে আসছে। অঞ্চলটিতে ব্যাপক নৌবাহিনী মোতায়েন করেছে ও কথিত মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে। নৌযানগুলোতে এই মার্কিন হামলায় এখন পর্যন্ত প্রায় ৯০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন তার মিত্র মাদুরোর সঙ্গে ফোনে কথা বলার সময় সমর্থন প্রকাশ করেছেন। তবে এখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার এক ভয়াবহ যুদ্ধ চলছে। সেজন্য, দেশটির সাহায্য প্রদানের ক্ষমতা সীমিত।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ট্যাঙ্কারটির বিষয়ে সাংবাদিকদের জানিয়েছেন, ‘মার্কিন বাহিনী কর্তৃক আটক ‘জাহাজটি মার্কিন বন্দরে যাবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাহাজের তেল বাজেয়াপ্ত করার ইচ্ছা রাখে পোষণ করছে। আমরা কালোবাজারি তেল নিয়ে সমুদ্রে নিষিদ্ধ জাহাজ চলতে দেব না। কারণ এই আয় বিশ্বজুড়ে দুর্বৃত্ত ও অবৈধ শাসকদের মাদক ও সন্ত্রাসবাদকে ইন্ধন দেবে।’
সূত্র: এএফপি
এসজেড