অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্র সৈকতে গত সপ্তাহে ঘটে যাওয়া ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুই সন্দেহভাজন হামলার জন্য গ্রামাঞ্চলে প্রশিক্ষণ নেয় বলে জানা গেছে। দেশটির পুলিশের পক্ষ থেকে সোমবার আদালতের কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ওই হামলায় জড়িত বাবা সাজিদ আকরাম এবং ছেলে নাভিদের বিরুদ্ধে বন্ডাই সৈকতে একটি হানুকা অনুষ্ঠানে বন্দুক হামলা চালিয়ে ১৫ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই হামলা দেশটির প্রায় তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞ। পুলিশ সোমবার জানিয়েছে, দুই অভিযুক্ত গুলি চালানোর আগে নিউ সাউথ ওয়েলসের একটি গ্রামাঞ্চলে ‘অস্ত্র প্রশিক্ষণ’ সম্পন্ন করে। প্রকাশিত ছবিতে অভিযুক্তদের শটগান চালাতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, অক্টোবর মাসে বাবা ও ছেলে ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পতাকার সামনে বসে ‘জায়নবাদীদের’ বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি ভিডিও রেকর্ড করে এবং হামলার জন্য তাদের উদ্দেশ্যের বিস্তারিত বর্ণনা করে। নথি থেকে জানা যায়, হত্যাকাণ্ডের কয়েক দিন আগে তারা রাতে বন্ডি সৈকতে একটি ‘গোপন নজরদারি’ অভিযানও পরিচালনা করে।
সূত্র: এএফপি
এসজেড