সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজীবন আধিপত্যবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই করে গেছেন।
মাওলানা মামুনুল হক বলেন, বেগম খালেদা জিয়া আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে যেভাবে লড়াই করেছেন, তা ইতিহাসে বিরল। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার আদায়ে তাঁর দেশপ্রেম ও অবদান দেশবাসী চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, বেগম জিয়া দেশের জন্য যে আদর্শ ও নজির রেখে গেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নেই আগামী দিনে কাজ করবে তাঁর দল।
তিনি বলেন, বেগম জিয়ার জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর মৃত্যুতে দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
thebgbd.com/NA