ঢাকা | বঙ্গাব্দ

দৌলতদিয়া যৌনপল্লীতে উচ্চ রক্তচাপে ব্যবসায়ীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবন ও উচ্চ রক্তচাপজনিত কারণে আজমীর আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৭ জানুয়ারি, ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে উচ্চ রক্তচাপে ব্যবসায়ীর মৃত্যু ছবি : সংগৃহীত।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ সেবন ও উচ্চ রক্তচাপজনিত কারণে আজমীর আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর হাজরা বাড়িওয়ালীর একটি ভাড়াটিয়া কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজমীর আলম গোপালগঞ্জ জেলার মোকছেদপুর উপজেলার সোর্দি মাতুব্বর পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় গার্মেন্টস জুট কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আজমীর আলম ওই ভাড়াটিয়া কক্ষে অবস্থান করেন। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি সিগারেট আনতে জুলিকে বাইরে পাঠান। প্রায় আধাঘণ্টা পর জুলি ফিরে এসে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। আশপাশের লোকজনকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরে পুলিশে খবর দেওয়া হয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় স্থানীয়দের কেউ কেউ অতিরিক্ত মদ্যপানের কারণে মৃত্যুর দাবি করলেও গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে যৌন উত্তেজক ওষুধ সেবন ও উচ্চ রক্তচাপজনিত কারণে মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

thebgbd.com/NA