ঢাকা | বঙ্গাব্দ

লন্ডনে ইরান দূতাবাসের ছাদে ওঠা ব্যক্তি গ্রেপ্তার

সহিংস বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১৭ জানুয়ারি, ২০২৬
লন্ডনে ইরান দূতাবাসের ছাদে ওঠা ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাজ্য।

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইরানের দূতাবাসের ছাদে উঠে পতাকা নামানোর ঘটনায় এক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে আরও কয়েকজনকে সহিংস বিশৃঙ্খলার অভিযোগে গ্রেপ্তার  করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় সংঘর্ষে একাধিক পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র।


মেট্রোপলিটন পুলিশ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, চলমান বিক্ষোভের সময় এক ব্যক্তি অবৈধভাবে দূতাবাসের নিজস্ব এলাকায় প্রবেশ করে একাধিক বারান্দা পেরিয়ে ছাদে ওঠেন এবং সেখান থেকে একটি পতাকা নামিয়ে ফেলেন। পুলিশ জানায়, চলমান বিশৃঙ্খলার মধ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিভিন্ন বস্তু নিক্ষেপ করে বিক্ষোভকারীরা। 


এ ঘটনায় সহিংস বিশৃঙ্খলার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। গত সপ্তাহে লন্ডন পুলিশ ইরানের দূতাবাসে সম্ভাব্য বিশৃঙ্খলা ঠেকাতে ও নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ঘোষণা দেয়। এর আগে, গত শনিবার এক বিক্ষোভকারী লন্ডনে ইরানি দূতাবাসের পতাকা নামিয়ে ১৯৭৯ সালের বিপ্লবের আগে ব্যবহৃত পতাকা উত্তোলন করেন।

 

ইরানে অর্থনৈতিক অসন্তোষ থেকে বিক্ষোভ ২৮ ডিসেম্বর তেহরানের বাজার বন্ধের মাধ্যমে শুরু হয়, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ধর্মীয় শাসনব্যবস্থা অপসারণের দাবিতে গণআন্দোলনে রূপ নেয়।


সূত্র: এএফপি


এসজেড