বাংলাদেশ জামায়াতের ইসলামীর রাষ্ট্র পরিচালনার কোনো ধারণা নেই জানিয়ে ঢাকা-৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, আমি মা-বোনদের অনুরোধ জানাবো, আপনারা নারীরা এদের ভোট দেবেন না।
আজ সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।
নারীদের উদ্দেশ করে ইশরাক বলেন, আপনারা ভুলেও এদের ভোট দিয়েন না, আপনাদের জীবন ধ্বংস করে দেবে।
এদিকে, গতকাল রোববার পুরান ঢাকার ধূপখোলা মাঠে নির্বাচনী জনসভায় চাঁদাবাজ এবং জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ ধরনের শব্দ ব্যবহার করে বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইশরাক। তিনি বলেছেন, নাসীরুদ্দীনের মানসিক চিকিৎসার প্রয়োজন।
নাসীরুদ্দীন পাটওয়ারীর প্রতি ইঙ্গিত করে ইশরাক হোসেন বলেন, এই ধরনের বক্তব্য মানসিক বিকারগ্রস্ততার পরিচয় দেয়। তার চিকিৎসা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক সৌহার্দ্য কীভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কী ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সব শক্তির মূল চাবিকাঠি জনগণের হাতেই থাকা উচিত। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে। আমরা জনগণের রায়ের প্রতি আস্থাশীল।
ইশরাক আরও বলেন, যিনি (পাটওয়ারী) এমন বক্তব্য দিয়েছেন, তার উচিত জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া। তা না হলে তার দলের উচিত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে তাকে দল থেকে বহিষ্কার ও প্রার্থিতা বাতিল করা।
এর আগে সকালে ইশরাক হোসেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে আয়োজিত এক সভায় অংশ নেন। সেখানে তিনি সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং সর্বজনীন চিকিৎসা সংস্কার ও উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করেন।
দিনব্যাপী সূত্রাপুরের বিভিন্ন এলাকায় ইশরাক হোসেনের নির্বাচনি গণসংযোগ কর্মসূচি চলবে বলে জানানো হয়েছে।
thebgbd.com/NA