বাংলাদেশ সচিবালয়ে অননুমোদিতভাবে এবং ভুয়া পাস ব্যবহার করে প্রবেশের দায়ে তিন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গত ২৫ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং টিমের তল্লাশিতে এই জালিয়াতির ঘটনা ধরা পড়ে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে একজন সরকারি কর্মচারীকেও আইনের আওতায় আনা হয়েছে।
সচিবালয় নিরাপত্তা শাখার কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে অবৈধভাবে ভেতরে প্রবেশ করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. আলিফ শরীফকে ১ মাসের কারাদণ্ড, মো. আশিককে ৭ দিনের কারাদণ্ড ও মো. দিদারুল আলমকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান জানান, ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা-২০২৫’ কঠোরভাবে নিশ্চিত করতে এই নিয়মিত তদারকি চালানো হচ্ছে। শুধু ব্যক্তি পর্যায়েই নয়, সচিবালয়ে অননুমোদিত গাড়ি প্রবেশ ঠেকাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। বর্তমানে স্টিকারবিহীন অথবা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত কোনো গাড়িকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
thebgbd.com/NA