যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর ধীরে ধীরে সম্পর্ক পুনরায় শুরু হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের নতুন প্রধান শনিবার ভেনিজুয়েলায় পৌঁছেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনৈতিক সূত্র এএফপিকে জানিয়েছে, বোগোটা থেকে আসা যুক্তরাষ্ট্রের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স লরা ডোগুকে বহনকারী বিমানটি স্থানীয় সময় বিকাল প্রায় ৩টা নাগাদ কারাকাসের বিমানবন্দরে অবতরণ করেন।
নিকোয়ারাগুয়া ও হন্ডুরাসে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত লরা ডোগুকে গত সপ্তাহে এ পদে নিয়োগ দেওয়া হয়। পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত না থাকলে চার্জ দ্য অ্যাফেয়ার্সই কূটনৈতিক মিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্র এরই মধ্যে দূতাবাসের অবস্থা মূল্যায়নে একটি মিশন পাঠিয়েছে। গত ছয় বছর দূতাবাসটি মূলত কার্যত শূন্য অবস্থায় ছিল। ২০১৯ সালে বিতর্কিত নির্বাচনের পর ওয়াশিংটন ও অন্যান্য প্রধান শক্তি মাদুরোকে অবৈধ ঘোষণা করার কিছুদিনের মধ্যেই দূতাবাসটি বন্ধ করে দেওয়া হয়। এর পর মাদুরো ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেন।
সূত্র: এএফপি
এসজেড