ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশিরা আমাদের ভাই, বিশ্বকাপে তাদের না থাকা দুঃখজনক: পাকিস্তান অধিনায়ক

  • নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশিরা আমাদের ভাই, বিশ্বকাপে তাদের না থাকা দুঃখজনক: পাকিস্তান অধিনায়ক ছবি : সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সালমান আলী আঘা। একই সঙ্গে তিনি বাংলাদেশিদের ‘ভাই’ বলে সম্বোধন করেন।

ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে একাধিকবার ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানালেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। শেষ পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আইসিসির কোনো সদস্য দেশ বাংলাদেশের এই অবস্থানকে প্রকাশ্যে সমর্থন না দিলেও একমাত্র পাশে দাঁড়ায় পাকিস্তান। এমনকি গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ বর্জনের সিদ্ধান্তও নেয় তারা।

বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে পাকিস্তান দল। কলম্বোয় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রসঙ্গ উঠে এলে সালমান আঘা বলেন, টুর্নামেন্টে বাংলাদেশের অনুপস্থিতি সত্যিই হতাশাজনক।

তিনি বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তারা এই টুর্নামেন্টে নেই—এটা সত্যিই দুঃখজনক।’

বাংলাদেশ সরে দাঁড়ানোর পর পাকিস্তান বিশ্বকাপে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, এ সিদ্ধান্ত কোনো রাজনৈতিক অবস্থান থেকে নয়; বরং ক্রীড়াঙ্গনে ন্যায়বিচার ও নীতির প্রশ্নে নেওয়া হয়েছে।

এদিকে পাকিস্তানের এই অবস্থানকে বাংলাদেশের প্রতি সংহতির বহিঃপ্রকাশ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ জানান।

পোস্টে তিনি লেখেন,‘ধন্যবাদ, পাকিস্তান।’ একই সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যও উদ্ধৃত করেন।

এর আগে ইসলামাবাদে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলব না। খেলাধুলার মাঠে রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত।

thebgbd.com/NA