ভোট ডাকাতি হলে মির্জা আব্বাসের রাজত্ব তছনছ করে দেবো: নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-০৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘এখন সময় প্রতিরোধের। ঢাকা-৮ আসনে যদি ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আল্লাহর কসম করে সেই রাজত্ব আমরা খানখান করে দেব। তছনছ করে দেবো।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, (নির্বাচনে জয়ী) হই বা না হই, বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করে দেবো।
হুঁশিয়ার করার আগে নাসীরুদ্দীন অভিযোগ করেন, এনসিপির নেতাকর্মীদেরকে নিয়ে ঢাকার রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করে বের হওয়ার পথে তাদের ওপর আঘাত করা হয় এবং সেনাবাহিনীর সামনেই তার মাথায় আঘাত করা হয়। এরপর সেনাবাহিনী তাদের উদ্ধার করে পাঠিয়ে দেয় বলে জানান নাসীরুদ্দিন পাটোয়ারী।
শাপলা প্রতীকের এই প্রার্থী বলেন, ‘আমাদের ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে দুইটা। রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্র। সেখানে ভোট ডাকাতির মহোৎসব চলছে। তারা আমাদের গায়ে পড়ে মারামারি করে ঢাকা-৮ আসনের ভোট বানচাল করতে চাচ্ছে।’
এসময় তিনি মির্জা আব্বাসকে উদ্দেশ করে বলেন, মির্জা আব্বাস যদি হারার ভয়ে থাকেন, আমি আপনাকে বলব–খেলায় থাইকেন না। ভোট বানচাল করবেন না। অনেকগুলো মানুষ গণতন্ত্র রক্ষার জন্য জীবন দিয়েছে।
thebgbd.com/NA