গ্রেপ্তারের একদিন পর গতকাল শুক্রবার রাতে একজন চীনা মাছ ধরার নৌযানের ক্যাপ্টেনকে মুক্তি দিয়েছে জাপান। স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
জাপানের মৎস্য সংস্থা দাবি করেছে, ওই ক্যাপ্টেন তাদের পরিদর্শন বা তল্লাশি করার নির্দেশ মানেননি তাই তাকে আটক করা হয়। জাপান কর্তৃক একটি চীনা মাছ ধরার নৌকা আটক এবং এর ক্যাপ্টেনকে গ্রেপ্তারের পর চীন দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে নাবিকদের নিরাপত্তা ও আইনসম্মত অধিকার রক্ষার আহ্বান জানায়।
জাপানের বিবৃতিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার আটককৃত একটি নৌকা জাপানের মেশিমা দ্বীপ থেকে দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ৮৯.৪ নটিক্যাল মাইল (১৬৬ কিলোমিটার) দূরে তাদের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে অবস্থান করছিল। বিবৃতিতে আরও বলা হয়েছে, এটি কোনও বিতর্কিত এলাকা নয়।
সরকারি সম্প্রচারক এনএইচকে এবং অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীন নগদ অর্থ প্রদানের নিশ্চয়তা দেওয়ার পর জাহাজের ক্যাপ্টেন, যার নাম সংস্থাটি ৪৭ বছর বয়সী চীনা নাগরিক ঝেং নিয়ানলি বলে শনাক্ত করেছে, তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
সূত্র: এএফপি
এসজেড