ঢাকা | বঙ্গাব্দ

হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার

  • নিজস্ব প্রতিবেদক | ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার ছবি: সংগৃহীত।

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তিকে (১৪) কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত যুবক সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় সিয়ামের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও পোশাক উদ্ধার করা হয়েছে।


নিহত বিন্তি রায়েরবাজার উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। গতকাল বুধবার রাতে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় নিজ বাসার সামনে সে হামলার শিকার হয়।


ঘটনার বিবরণ পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে ছোট ভাই নাবিলের সঙ্গে বাসার নিচে নামে বিন্তি। এর কিছুক্ষণ পর বাসার সামনে হট্টগোল শুনে স্বজনরা নিচে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় শিকদার মেডিকেল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাত সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


নিহতের মা নাদিয়া বেগম অভিযোগ করে বলেন, বেশ কয়েক বছর ধরেই সিয়াম আমার মেয়েকে মুঠোফোনে বিরক্ত করত। এ নিয়ে আমি তাকে বকাঝকাও করেছিলাম। স্থানীয়দের কাছে শুনেছি, মরার আগে বিন্তি সিয়ামের নাম বলে গেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার ও খুনি সিয়ামের ফাঁসি চাই।


পুলিশের বক্তব্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের কাঁধ ও পিঠে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষত রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।


হাজারীবাগ থানা পুলিশ জানায়, ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে অভিযান শুরু হয়। ভোরে কাঁঠালবাগান এলাকা থেকে সিয়ামকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।


thebgbd.com/NA