ঢাকা | বঙ্গাব্দ

চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, আহত ৩

  • নিজস্ব প্রতিবেদক | ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে হামলা, আহত ৩ ছবি : সংগৃহীত।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় একটি বাড়িতে চাঁদার দাবিতে হামলার অভিযোগ উঠেছে। এতে ওই বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হয়। অন্তত তিনজন আহতের খবর জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও বৃজন রানী (৪৫)। আহতরা সম্পর্কে বরের বাবা, ভাই ও জেঠা।


ভুক্তভোগী পরিবারের অভিযোগ, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবু লাল বিশ্বাসের ছেলে সেম্বু নাথের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার বাসিন্দা মহনের নেতৃত্বে কয়েকজন কিশোর এসে প্রথমে এক লাখ টাক দাবি করে। তর্কে এক পর্যায়ে ৩০ হাজার টাকা দাবি করে। সর্বশেষ তাদের তিন হাজার টাকা দিতে রাজি হয় বরপক্ষ। এই নিয়ে কথা কাটাকাটির জেরে বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের করে তারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।


আহত ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করে বলেন, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমরা ক্যারাম খেলছিলাম। তখন ওই কিশোররা এসে তখন হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়।


স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়ে বাড়িতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনায় আমরা আতঙ্কে আছি। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। 


সাতসকালে কাঁচাবাজারে চাঁদাবাজি, গ্রেপ্তার ৯সাতসকালে কাঁচাবাজারে চাঁদাবাজি, গ্রেপ্তার ৯

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।


মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের চাঁদাবাজি বা সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


thebgbd.com/NA