লক্ষ্মীপুরের রায়পুরে দুই রিকশা চালকের মারামারি থামাতে গিয়ে কিল-ঘুষি খেয়ে বেল্লাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রায়পুর সাব রেজিষ্ট্রি অফিসের সামনে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে বেল্লালের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আরমান পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তার করতে বিকেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা।
অভিযুক্ত আরমান রায়পুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের শাহ আলম বয়াতির ছেলে ও পেশায় রিকশা চালক।
নিহত বেল্লাল রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রিকশা দাড় করানো নিয়ে আরমান ও অপর রিকশা চালক বৃদ্ধ কবির মোহরির সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা মারামারিতে জড়ায়। ঘটনাটি দেখতে পেয়ে যুবদল নেতা বেল্লাল তাদের থামাতে যায়।
এ সময় আরমান ক্ষিপ্ত হয়ে বেল্লালের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে বেল্লাল গুরুতর আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
বেল্লালের ছোট ভাই হেলাল হোসেন বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
thebgbd.com/NA