ইউক্রেনের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাত কর্মকর্তাকে ‘জিম্মি’ করার অভিযোগ উঠেছে হাঙ্গেরির বিরুদ্ধে। ইউক্রেনের দাবি, ওই কর্মকর্তারা ৪ কোটি ডলার ও ৯ কেজি স্বর্ণ পরিবহন করছিলেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক পোস্টে এই অভিযোগ করেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই হাঙ্গেরি মস্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। পাশাপাশি কিয়েভকে সামরিক সহায়তা দেওয়ার ক্ষেত্রেও দেশটি বরাবরই বিরোধিতা করে আসছে।
পররাষ্ট্রমন্ত্রী সিবিহা জানান, বুদাপেস্টে হাঙ্গেরীয় কর্তৃপক্ষ ইউক্রেনের সাত নাগরিককে জিম্মি করেছে। এই সাতজনই ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘ওশচাদব্যাংক’-এর কর্মচারী। রাষ্ট্রীয় ব্যাংকিং সেবার অংশ হিসেবে তারা নগদ অর্থ নিয়ে দু’টি গাড়িতে করে অস্ট্রিয়া থেকে ইউক্রেনে ফিরছিলেন। ট্রানজিট হিসেবে তারা হাঙ্গেরি ব্যবহার করার সময় গাড়ি দুটিকে আটক করা হয়।
ইউক্রেনের স্টেট সেভিংস ব্যাংক বা ওশচাদব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কর্মীরা যখন আটক হন তখন তাদের কাছে ৪ কোটি মার্কিন ডলার এবং ৯ কেজি স্বর্ণ ছিল। সিবিহা অভিযোগ করে বলেন, ‘আমরা হাঙ্গেরির জিম্মি নাটক এবং অর্থ চুরির ঘটনা নিয়ে কথা বলছি। এটি মূলত রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ এবং চাঁদাবাজি।’
ব্যাংকটি জানিয়েছে, তাদের কর্মীদের বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। তবে জিপিএস সংকেত অনুযায়ী, তাদের গাড়িগুলো বুদাপেস্টের কেন্দ্রে হাঙ্গেরির একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দপ্তরের কাছে রয়েছে। এই বিষয়ে হাঙ্গেরি সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
এসজেড