ঢাকা | বঙ্গাব্দ

ইরানকে সৌদির সতর্কবার্তা

রিয়াদের দক্ষিণ-পূর্বে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ০৭ মার্চ, ২০২৬
ইরানকে সৌদির সতর্কবার্তা সৌদি আরব।

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর ইরানকে ‘ভুল হিসাব’ না করার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। শনিবার তিনি এই সতর্কবার্তা দেন। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।


শনিবার ভোরে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন সেনা সদস্যরা অবস্থান করছেন এমন একটি বিমান ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছেন তারা। এছাড়া একটি বড় তেলক্ষেত্রকেও ড্রোন হামলা থেকে রক্ষা করা হয়েছে। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব জানায়, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির পূর্বাঞ্চলীয় রাস তানুবা তেল শোধনাগারে অন্তত দুটি ড্রোন হামলা হয়েছে।


পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে প্রিন্স খালিদ বলেন, তারা ‘সৌদিতে ইরানি হামলা এবং তা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও বলেন, ‘আমরা জোর দিয়ে বলেছি, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করছে। আমরা আশা করি ইরান বিচক্ষণতার পরিচয় দেবে এবং কোনো ভুল হিসাব করা থেকে বিরত থাকবে।’


এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্স-এ জানায়, রাজধানী রিয়াদের দক্ষিণ-পূর্বে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি লক্ষ্য করে ছোড়া একটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। পরে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে জানায়, একই ঘাঁটিতে আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। সেটিও প্রতিহত করা হয়েছে। আমিরাত সীমান্তের কাছে শায়বাহ তেল ক্ষেত্রে একের পর এক ড্রোন হামলা চালানো হয়। সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে। রিয়াদের পূর্ব দিকে পৃথক আরেকটি ড্রোন হামলার চেষ্টাও নসাৎ করে দেওয়া হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড