ঢাকা | বঙ্গাব্দ

ইরানের নতুন নেতাকে উ. কোরিয়ার সমর্থন

পিয়ংইয়ং এর আগে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১১ মার্চ, ২০২৬
ইরানের নতুন নেতাকে উ. কোরিয়ার সমর্থন উত্তর কোরিয়া।

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক শান্তি নষ্ট করছে। দীর্ঘদিনের মার্কিন প্রতিপক্ষ পিয়ংইয়ং এর আগে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ হিসেবে নিন্দা জানিয়েছে। সিউল থেকে বার্তা সংস্থা এএএফপি এ খবর জানায়।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বে প্রভাব বিস্তার করতে চাইলেও রোববার দেশটি মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে। তিনি তার পিতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি ২৮ ফেব্রুয়ারি ইসরাইলি বিমান হামলায় নিহত হন। 


উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র নাম প্রকাশ না করে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে (কেসিএনএ) বলেন, ‘আমরা ইরানি জনগণের সর্বোচ্চ নেতা নির্বাচনের অধিকার ও সিদ্ধান্তকে সম্মান করি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভিত্তি ধ্বংস করছে এবং বিশ্বব্যাপী অস্থিতিশীলতা বাড়াচ্ছে।’ 


মুখপাত্র ইরানের ‘রাজনৈতিক ব্যবস্থা ও ভৌগোলিক অখণ্ডতা’ লঙ্ঘনের জন্য ওয়াশিংটন ও ইসরায়েলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘এ ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী সমালোচনা ও প্রত্যাখ্যানের যোগ্য। কারণ, এগুলো কখনোই মেনে নেওয়া যায় না।’ দশকের পর দশক যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ভেস্তে দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু শীর্ষ বৈঠক, নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপে তেমন প্রভাব ফেলতে পারেনি।


সূত্র: এএফপি


এসজেড