যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে ‘খুব ভালো’ আলোচনা চলছে বলে দাবি করার কয়েক ঘণ্টার মধ্যেই মঙ্গলবার ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়েছে, কোনো ধরনের আলোচনা চলছে না। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্পের এই আকস্মিক মন্তব্যে অস্থির বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। তেলের দামও কমে আসে। এর আগে তিনি ইরানকে স্ট্রেইট অব হরমুজে নৌপথ খুলে দেওয়ার সময়সীমা বেঁধে দেন। না হলে, ইরানের বিদ্যুৎকেন্দ্র যুক্তরাষ্ট্র ‘গুঁড়িয়ে দেবে’ বলে হুঁশিয়ারি দেন। ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানের এক ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে কথা বলছে। তবে আলোচনা ব্যর্থ হলে, আগামী পাঁচ দিনের মধ্যে ‘আমরা বোমা হামলা চালিয়েই যাব’ বলেও সতর্ক করেন তিনি।
এক ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, ওই ব্যক্তি ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ। তিনি দেশটির অন্যতম প্রভাবশালী বেসামরিক নেতা। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার এ সপ্তাহেই পাকিস্তানে ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন। এতে যোগ দিতে পারেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ সব খবর অস্বীকার করেননি। তবে তিনি বলেন, আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত, বৈঠক নিয়ে জল্পনাকে চূড়ান্ত ধরে নেওয়া উচিত নয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, তিনি সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন। এ সময় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইসলামাবাদের সহায়তার আশ্বাস দেন তিনি।
তবে গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, ‘কোনো আলোচনা হচ্ছে না।’ তার দাবি, ট্রাম্প আর্থিক ও তেলের বাজারকে প্রভাবিত করতে এমন বক্তব্য দিচ্ছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, ‘বন্ধুপ্রতিম কিছু দেশ থেকে আলোচনার অনুরোধের বার্তা পাওয়া গেছে।’ তবে বাস্তবে কোনো আলোচনা হয়নি বলেই জানান তিনি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ওয়াশিংটন মনে করছে, একটি সমঝোতার সম্ভাবনা আছে। তবে ইসরায়েলের নিরাপত্তার স্বার্থে ইরান ও লেবাননে হামলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। মঙ্গলবার ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার খবর দেয়। ইসরায়েলের উদ্ধার কর্মীরা উত্তরে একটি ক্ষতিগ্রস্ত ভবনের ছবি প্রকাশ করেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: এএফপি
এসজেড