ঢাকা | বঙ্গাব্দ

লেবাননে ইসরয়েলি হামলায় তিন সাংবাদিক নিহত

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে ‘একটি প্রকাশ্য অপরাধ’ বলে অভিহিত করেছেন।
  • অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০২৬
লেবাননে ইসরয়েলি হামলায় তিন সাংবাদিক নিহত নিহতদের ছবি হাতে ক্ষোভ।

শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে হিজবুল্লাহর আল মানার নেটওয়ার্কের একজন সুপরিচিত প্রতিবেদকও রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে নিন্দা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।


ইসরায়েলি সামরিক বাহিনী আল মানার-এর সংবাদদাতা আলী শোয়েবকে হত্যার বিষয়টি নিশ্চিত করেছে এবং তার বিরুদ্ধে ‘সাংবাদিকতার ছদ্মবেশে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ভেতরে কাজ করার’ অভিযোগ এনেছে। ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের সূচনালগ্নে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে তেহরান-সমর্থিত হিজবুল্লাহ ২ মার্চ ইসরায়েলের দিকে রকেট নিক্ষেপ করলে লেবানন মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ে। ইসরায়েল লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা এবং দক্ষিণে স্থল অভিযান চালিয়ে এর জবাব দিচ্ছে। 


লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্তত ১,১৮৯ জন নিহত হয়েছে। শনিবার সকালে লেবাননের একটি সামরিক সূত্র এএফপিকে জানায়, হিজবুল্লাহর আল মানার চ্যানেলের আলী শোয়েব এবং ইরান-সমর্থিত এই আন্দোলনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল মায়াদিনের ফাতিমা ফতুনি, ফতুনির ভাই ও একজন ক্যামেরাম্যানসহ জেজ্জিনে নিহত হয়েছেন। আল মায়াদিন এবং আল মানার তাদের সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। শোয়েব ছিলেন আল মানারের অন্যতম বিশিষ্ট যুদ্ধ বিষয়ক সংবাদদাতা, যিনি কয়েক দশক লেবাননে ইসরায়েলি হামলার খবর সংগ্রহ করেছেন। 


এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা শোয়েবকে লক্ষ্যবস্তু করেছে। তাদের অভিযোগ, তিনি ‘আল মানার নেটওয়ার্কের সাংবাদিকের ছদ্মবেশে হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের ভেতরে থেকে কাজ করতেন এবং একই সঙ্গে দক্ষিণ লেবানন ও সীমান্ত বরাবর কর্মরত আইডিএফ সৈন্যদের অবস্থান পদ্ধতিগতভাবে প্রকাশ করার জন্য কাজ করেছেন’। পরে এটি জানায়, বর্তমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ‘আকাশ, সমুদ্র এবং স্থলপথে’ ‘৮০০ জনেরও বেশি’ হিজবুল্লাহ সদস্যকে হত্যা করেছে।


লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে একে ‘একটি প্রকাশ্য অপরাধ’ বলে অভিহিত করেছেন। যা ‘যুদ্ধক্ষেত্রে সাংবাদিকদের আন্তর্জাতিক সুরক্ষা প্রদানকারী সমস্ত নিয়ম ও চুক্তির লঙ্ঘন’। প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম বলেছেন, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা ‘আন্তর্জাতিক মানবিক আইনের একটি চরম লঙ্ঘন’, অন্যদিকে তথ্যমন্ত্রী পল মরকোস এই কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ হিসেবে শ্রেণীবদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন।


এই মাসের শুরুতে মধ্য বৈরুতে এক হামলায় আল মানারের রাজনৈতিক অনুষ্ঠান পরিচালক মোহাম্মদ শেরি নিহত হন। ২০২৩ এবং ২০২৪ সালে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে পূর্ববর্তী দফার সংঘাতের সময়ও বেশ কয়েকজন সাংবাদিক নিহত ও আহত হয়। সেই সংঘাতে দক্ষিণে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হন, যাদের মধ্যে আল-মায়াদিন টিভির একজন সংবাদদাতা এবং আল-মানারের একজন ক্যামেরাম্যানও ছিলেন। ২০২৩ সালের অক্টোবরে, ইসরাইলি সীমান্তের কাছে সংঘাতের খবর সংগ্রহ করার সময় রয়টার্সের সাংবাদিক ইসাম আবদুল্লাহ নিহত হন এবং এএফপি-র সাংবাদিক ডিলান কলিন্স ও ক্রিস্টিনা আসিসহ আরও ছয়জন আহত হন।


স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিনের বলেন, ইসরায়েল শনিবার দক্ষিণ লেবাননে নতুন করে ধারাবাহিক হামলা চালিয়ে নয় প্যারামেডিককে হত্যা করেছে।


সূত্র: এএফপি


এসজেড