ঢাকা | বঙ্গাব্দ

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল ছেলের

  • নিজস্ব প্রতিবেদক | ০৩ মে, ২০২৬
বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ গেল ছেলের ছবি : সংগৃহীত।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় বাবাকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে লিমন মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামে এই ঘটনা ঘটে।


স্থানীয়রা জানায়, রামনাথপুর ইউনিয়নের মাদারপুর গ্রামের গোফফার আলী বাড়ির পাশ দিয়ে প্রবাহিত আখিরা নদী পার হয়ে জামদানী গ্রামের নিজ জমি থেকে চলতি মৌসুমের পাকা বোরো ধান আখিরা নদী সাঁতরে আনতে যাচ্ছিলেন। নদীর মাঝপথে পৌঁছালে হঠাৎ প্রবল স্রোতের ঘূর্ণিতে পড়ে তিনি ডুবে যেতে থাকেন এবং সাহায্যের জন্য চিৎকার করেন।


এ সময় নদীর তীরে অবস্থানরত তার ছেলে লিমন মিয়া বাবার আর্তচিৎকার শুনে পানিতে ঝাঁপ দেন। তিনি সাঁতারে পারদর্শী না থাকায় বাবার কাছে পৌঁছানোর আগেই তীব্র স্রোতের টানে পানির নিচে তলিয়ে যান।


পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লিমন মিয়াকে উদ্ধার করে, তবে ততক্ষণে তিনি মারা যান। অপরদিকে গুরুতর অসুস্থ অবস্থায় গোফফার আলীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা গেছে, লিমন মিয়া সম্প্রতি বিয়ে করেছিলেন এবং তিনি এক সন্তানের জনক ছিলেন।


thebgbd.com/NA