ঢাকা | বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় তেলের বাজার চড়া, যুদ্ধ শেষেই বড় ধস

  • অনলাইন ডেস্ক | ০৩ মে, ২০২৬
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় তেলের বাজার চড়া, যুদ্ধ শেষেই বড় ধস ছবি : সংগৃহীত।

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বাড়লেও, সংঘাত শেষে তেলের বাজারে বড় ধরনের দরপতনের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বর্তমানের এই উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।


আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেলে ১২৬ ডলারে ঠেকেছে। এই নৌপথটি আংশিক বন্ধ থাকায় তেলের স্বাভাবিক সরবরাহ ব্যাহত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে।


তবে এই ঊর্ধ্বগতিকে সাময়িক হিসেবে দেখছেন জ্বালানি বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে বাজারে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে ওপেক (OPEC) জোট থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত জ্বালানি রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।


বিশ্লেষকদের মতে, ওপেক জোটে ফাটল ধরলে সদস্য দেশগুলোর মধ্যে উৎপাদন নিয়ন্ত্রণের যে ঐক্য ছিল, তা দুর্বল হয়ে পড়বে। এতে বাজারে তেলের অতিরিক্ত সরবরাহ নিশ্চিত হবে। আমিরাত ইতোমধ্যে তাদের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছে। অন্যদিকে, নিজেদের বাজার দখল ধরে রাখতে সৌদি আরবও পাল্লা দিয়ে উৎপাদন বাড়াতে পারে। এমনটা হলে দেশগুলোর মধ্যে শুরু হতে পারে ‘মূল্যযুদ্ধ’।


তেলের বাজারে এমন অস্থিরতা আগেও দেখা গেছে। ২০২০ সালে সৌদি আরব ও রাশিয়ার মধ্যে মূল্যযুদ্ধের কারণে তেলের দাম প্রতি ব্যারেলে ২০ ডলারের নিচে নেমে এসেছিল। ইতিহাসের সেই পুনরাবৃত্তি ঘটার প্রবল সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।


মার্কিন জ্বালানি তথ্য সংস্থার (ইআইএ) পূর্বাভাস বলছে, ২০২৭ সাল নাগাদ তেলের বৈশ্বিক উৎপাদন চাহিদাকে ছাড়িয়ে যেতে পারে। সরবরাহের এই আধিক্য তেলের দামে বড় ধরনের নিম্নমুখী চাপ তৈরি করবে।


এদিকে, বর্তমান সংকট তেল আমদানিকারক দেশগুলোকে বিকল্প ভাবনার পথে ঠেলে দিচ্ছে। তেলের ওপর নির্ভরতা কমাতে অনেক দেশই এখন নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক শক্তির দিকে ঝুঁকছে। ফলে দীর্ঘমেয়াদে জীবাশ্ম জ্বালানির একচেটিয়া আধিপত্য হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।


সূত্র: রয়টার্স


thebgbd.com/NA