ঢাকা | বঙ্গাব্দ

তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘রাস্তা পার হওয়া ইঁদুর’ বলে কটাক্ষ চীনের

  • অনলাইন ডেস্ক | ০৩ মে, ২০২৬
তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘রাস্তা পার হওয়া ইঁদুর’ বলে কটাক্ষ চীনের ফাইল ছবি

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে-কে ‘রাস্তা পার হওয়া ইঁদুরের’ সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষ করেছে চীন। যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বেইজিং ও তাইপের মধ্যে। অঘোষিত সফরে আফ্রিকার দেশ এসওয়াতিনিতে যাওয়ার পর তাকে লক্ষ্য করে এমন মন্তব্য করে চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর।

গতকাল শনিবার (২ মে) দেওয়া এক বিবৃতিতে চীন লাইয়ের এই সফরের কঠোর সমালোচনা করে। লাই চিং-তের সফরটি মূলত এপ্রিলের শেষের দিকে হওয়ার কথা থাকলেও সেশেলস, মরিশাস এবং মাদাগাস্কার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় শেষ মুহূর্তে তা বাতিল হয়। এ ঘটনায় চীনের প্রভাব রয়েছে বলে অভিযোগ তোলে তাইওয়ান।

যদিও সফর বাতিল না করে শেষ পর্যন্ত এসওয়াতিনি সরকারের একটি বিমানে করেই গন্তব্যে পৌঁছান লাই। পূর্বে সোয়াজিল্যান্ড নামে পরিচিত দেশটি তাইপের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক রাখা হাতে গোনা কয়েকটি দেশের একটি এবং আফ্রিকায় তাইওয়ানের একমাত্র মিত্র।

চীনের তাইওয়ানবিষয়ক দপ্তর লাইকে ‘সমস্যা সৃষ্টিকারী’ হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ করে, একটি ভয়াবহ ভূমিকম্পের পর তিনি জনগণকে ছেড়ে বিদেশে গেছেন। বিবৃতিতে আরও বলা হয়, ‘লাই চিং-তে-র জঘন্য কর্মকাণ্ড, যা একটি ইঁদুরের রাস্তা পার হওয়ার মতো, আন্তর্জাতিক অঙ্গনে উপহাসের কারণ হবে।’

এদিকে, পাল্টা প্রতিক্রিয়ায় লাই চিং-তে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বলেন, তাইওয়ান কখনোই বাহ্যিক চাপে নতি স্বীকার করবে না এবং সব বাধা সত্ত্বেও বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে।

তাইওয়ানের মেইনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল-ও চীনের এই বক্তব্যকে ‘অত্যন্ত বিরক্তিকর ও নিম্নমানের’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে।

চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের সার্বভৌম ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। যদিও বেইজিং শান্তিপূর্ণ পুনর্মিলনের কথা বলে, ২০২২ সালে তারা ইঙ্গিত দেয়—প্রয়োজনে বলপ্রয়োগের পথও তারা এড়িয়ে যাবে না।

সূত্র: রয়টার্স


thebgbd.com/NIT