সারাদেশে কয়েক দিনের স্বস্তির পর আবারও বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে ধাপে ধাপে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এই মেয়াদের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আবারও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বুধবার (০৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবারও সিলেটসহ দেশের সব বিভাগেই ছিটেফোঁটা বৃষ্টির এই ধারা বজায় থাকতে পারে।
আবহাওয়া অফিস জানায়, আজ বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে কাল বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা উভয়ই সামান্য বাড়ার আভাস রয়েছে। আগামী শুক্রবার ও রবিবারও তাপমাত্রার এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকবে। কেবল শনিবার তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আজ ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। আজ সন্ধ্যায় ঢাকায় সূর্যাস্ত হবে ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল বৃহস্পতিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ২০ মিনিটে।
আবহাওয়াবিদদের মতে, চলমান এই গরমের প্রবণতা কয়েক দিন স্থায়ী হতে পারে, তবে পাঁচ দিনের মেয়াদের শেষ দিকে বৃষ্টি বেড়ে আবারও আবহাওয়া কিছুটা শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে।
thebgbd.com/NA